দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুতে ৪০লাখ ডলার সহায়তা দেবে
রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনের সহায়তার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোকে ৪০ লাখ মার্কিন ডলার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই সহায়তা রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলার জন্য সম্প্রতি ঘোষিত ২০২১ সালের জয়েন্ট রেস্পন্স প্ল্যানের (জেআরপি) আওতায় বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আয়োজক সম্প্রদায়ের সহায়তায় জাতিসংঘের সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর মানবিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।
এই বছরের ইউএনএইচসিআর, ইউনিসেফ, ডব্লিউএফপি, আইওএম এবং আইএফআরসি’র জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৪০ লাখ মার্কিন ডলার।
বুধবার বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়ান দূতাবাস জানায়, মার্চ মাসে কক্সবাজার শরণার্থী শিবিরে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি সহায়তা করার জন্য এরই মধ্যে আইওএমকে ১ মিলিয়ন মার্কিন ডলার দেয়া হয়েছে। রোহিঙ্গা শরণার্থী এবং আয়োজক সম্প্রদায়কে, কোরিয়ার পক্ষ থেকে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবিলা, শিশু ও মেয়েদের সহায়তা দেয়া এবং জরুরি অবস্থা ও দুর্যোগ ত্রাণ ইত্যাদি ক্ষেত্রগুলোকে অগ্রাধিকারে ভিত্তিতে আয়োজক সম্প্রদায়ের মাধ্যমে সহয়ায়তা দেয়া হবে।
আর্থিক সহায়তার পাশাপাশি, কোইকা’র মাধ্যমে কোরিয়া, রোহিঙ্গা শরণার্থী এবং হোস্ট সম্প্রদায়কে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক এনজিওর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সহায়তার জন্য বেশ কয়েকটি মানবিক প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানা গেছে।
এছাড়া মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছাসেবী, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ের টেকসই সমাধানের সন্ধানে মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে চলেছে প্রজাতন্ত্র কোরিয়া।