দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় ধাপে শুরু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ
দক্ষিণ কোরিয়ায় আবারো শুরু হয়েছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। করোনার এই দ্বিতীয় ধাপে দেশটিতে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র বলেছেন, করোনার ফের সংক্রমণ বড় ধরনের চিন্তার বিষয় হয়ে উঠছে। এক বিবৃতিতে তিনি বলেন, আগামী তিনদিনের মধ্যে দৈনিক সংক্রমণের হার গড়ে ৩০-এর কম না থাকলে লকডাউন শুরু হবে। যদি সিউল আবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তার মানে হচ্ছে গোটা কোরিয়ার আক্রান্ত হওয়া। নতুন সংক্রমণের কারণ হিসেবে মেয়র উল্লেখ্য করেন জনগণের উদাসীনতার কথা।
তিনি জানান, গত বছর ঠিক যে সময়ে সংক্রমণ চরমে পৌঁছেছিল কোরিয়ায়, সেই সময়ের মতোই রাস্তাঘাটে লক্ষ্য করা যাচ্ছে ভিড়। সেভাবে মানাও হচ্ছে না শারীরিক দূরত্ব। বর্তমান সংক্রমণের হারকে একটি গবেষণার পরিপ্রেক্ষিতে রেখে তিনি বলেন যে, এই হারে চললে এক মাসের মধ্যে দৈনিক ৮০০টি নতুন সংক্রমণ দেখতে পাওয়া যাবে কোরিয়ায়।
এদিকে আরেকটি বিবৃতিতে কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক বলেন, আসলেই দ্বিতীয় দফার সংক্রমণের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর দায়েগুর আশেপাশের অঞ্চলগুলিতে।
মে মাসের শেষ থেকেই নতুন করে দৈনিক ৪০ থেকে ৫০টি করে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছিল। এই সংক্রমণের বেশির ভাগই ছিল সিউল ও তার আশেপাশে। মার্চের শেষের দিক থেকে শারীরিক দূরত্ব, কন্ট্যাক্ট ট্রেসিং এবং গণহারে পরীক্ষা চালানোর কড়াকড়ি বাড়ায় নিয়ন্ত্রণে আনতে পেরেছিল দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। কিন্তু বর্তমানে সংক্রমণ বৃদ্ধির ঘটনায় নতুন করে বিপদের ঝুঁকিতে রয়েছে সিউল।