শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়

মোহাম্মদ খাইরুল আমিন • 24 মার্চ 2022, 12:37 দুপুর • 1,043 বার পঠিত
দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়

যে মাটিতে উপমহাদেশের দলগুলোর জন্য খেলা সবচেয়ে কঠিন ধরা হয় সেখানেই
কিনা অবিস্মরণীয় এক ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার
মাটিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারালো তামিম ইকবালের দল। বুধবার সেঞ্চুরিয়নে
৯ উইকেটের জয়ে বাংলাদেশ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

এর আগেও বাংলাদেশ বিদেশের মাটিতে সিরিজ জিতেছে। সেগুলো জিম্বাবুয়ে, কেনিয়া
আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। গেল ২০ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো
সংস্করণে কোনো ম্যাচ জেতার রেকর্ড ছিল না। এই সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ
সেই কুফা কাটায়। অসাধারণ এক জয় তুলে নিয়ে সিরিজে ১-০ তে লিড নেয়।
পরের ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরলেও শেষ ম্যাচে তাদের অসহায় করে
দিয়ে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।

প্রথম ম্যাচের জয়ে ভূমিকা ছিল পেসার তাসকিন আহমেদের। সেই বোলার সিরিজ
নির্ধারণী ম্যাচে নিলেন ৫ উইকেট। ম্যাচের সেরা তো হয়েছেন। হয়েছেন সিরিজের
খেলোয়াড়্ও। এই যুগল পুরস্কারে আইপিএলে খেলতে না পারার ব্যথা কিছুটা হলেও
ভুলতে পারছেন তাসকিন।

আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে সুবিধা
করতে পারেনি। মাত্র ৩৭ ওভারে তাদের ১৫৪ রানে আটকে দেয় সফরকারীরা।
এরপর ক্যাপ্টেন তামিমের ব্যাটে বাংলাদেশের জয়টা খুব সহজ হয়েছে। ৮৭ রানে
অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করান তামিম। ২৬.৩ ওভারেই আসে
অবিস্মরণীয় ওই জয়।   

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩৭ ওভারে ১৫৪ (মালান ৩৯, ডি কক ১২, ভেরেইনা ৯, বাভুমা
২, ফন ডার ডাসেন ৪, মিলার ১৬, প্রিটোরিয়াস ২০, মহারাজ ২৮; শরিফুল ৭-০-৩৭-১, মুস্তাফিজ ৭-০-২৩-০, মিরাজ ৫-০-২৭-১, তাসকিন ৯-০-৩৫-৫, সাকিব ৯-০-২৪-২)।

বাংলাদেশ: ২৬.৩ ওভারে ১৫৬/১ (তামিম ৮৭*, লিটন ৪৮, সাকিব ১৮*;
রাবাদা ৫.৩-০-৩৭-০, এনগিডি ৫-০-২৪-০, মহারাজ ৭-০-৩৬-১, শামসি ৭-০-
৪১-০, প্রিটোরিয়াস ২-০-১৮-০)।

ম্যাচের ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

সিরিজের ফল: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ।

ম্যান অব দ্য সিরিজ: তাসকিন আহমেদ।