শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 23 আগস্ট 2022, 11:33 দুপুর • 282 বার পঠিত
দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

দিনাজপুরের একটি নৈশকোচ ও ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই দুজনের মধ্যে একজন কোচের চালক, অন্যজন যাত্রী। এই ঘটনায় আরও দুজন যাত্রী আহত হয়েছেন। 

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী মন্দির নামের জায়গায় আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। 

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে আব্দুল হাকিম (৩২)। তিনি বাস চালক। অন্যজন জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়ার নাসির উদ্দীনের ছেলে আশি আলী (২৩)। তিনি বাসটির যাত্রী ছিলেন। 

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন । 

তিনি জানান, আজ ভোরে ঢাকা থেকে এসআর পরিবহনের একটি কোচ দিনাজপুরের দিকে আসছিল। পথে উল্টো দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচ চালক ও কোচ যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা নিহতদের মরদেহ উদ্ধার করেন। এছাড়া গুরুতর আহত ২ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

জানা গেছে, এই দুর্ঘটনার পর ট্রাকের চালক ও স্টাফরা পালিয়ে গেছে।