দিল্লিতে ভারতের প্রতিরক্ষাপ্রধান ও তার স্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠিত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকার শেষকৃত্য দিল্লিতে অনুষ্ঠিত হবে আজ। বিকালে তাদের শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে, বৃহস্পতিবার বিকালে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে বিশেষ বিমানযোগে জেনারেল রাওয়াত ও তার স্ত্রী মধুলিকাসহ ১৩ জনের মরদেহ দিল্লিতে নেওয়া হয়।
এখন পর্যন্ত চারজনের মরদেহ শনাক্ত করা গেছে। তারা হলেন, জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিদ্দার এবং ল্যান্স নায়েক বিবেক কুমার। শুধু তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাকীদের মরদেহ সামরিক হাসপাতালে রাখা হবে পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত।
দেশটির সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন তার অনুরাগীরা। এরপর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনাছাউনির ব্রার স্কোয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য।