দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অর্ধেক কর্মীকে বহিষ্কার করবে ভারত
নয়া দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের অর্ধেক কর্মীকে বহিষ্কার করতে যাচ্ছে ভারত। পাকিস্তান দূতাবাসের কর্মীদের একাংশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের জেরেই মোদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লির পাক হাইকমিশনের দুই কর্মীকে অবাঞ্ছিত ঘোষণার পর বহিষ্কার করে ভারত। এর জবাবে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের দুই কর্মীকে গ্রেফতার করে পাকিস্তান। পরে তাদের দেশে ফিরিয়ে নেয় ভারত।
মঙ্গলবার সকালে পাক হাইকমিশনারকে ডেকে পাঠায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে সাত দিনের মধ্যে হাইকমিশনের পঞ্চাশ শতাংশ লোক কমানোর কথা বলা হয়। একই সঙ্গে ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকেও অর্ধেক কর্মীকে দেশে ফিরিয়ে আনার কথা জানানো হয়।
পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়ে, পাকিস্তানের আচরণ ভিয়েনা কনভেনশন ও দ্বিপাক্ষিক কূটনৈতিক চুক্তি ও কাউন্সিল কর্মকর্তাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিপরীতভাবে সীমান্তে সহিংসতা ও সন্ত্রাসবাদে মদদ দেয়া এর বৃহত্তর নীতির সহজাত উপাদান।