ধর্ষণের বিরুদ্ধে গণআন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি
ধর্ষণের বিরুদ্ধে স্লোগান ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগের দাবি উঠেছে, শাহবাগ মোড়ে গণআন্দোলন থেকে।
সোমবার (০৫ অক্টোবর) সকাল থেকেই নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্নস্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করে ছাত্র ইউনিয়নের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ছাত্র ইউনিয়নের কর্মীদের আহ্বানে সংঘটিত সড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দিয়ে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, বর্তমানে দেশে ধর্ষণ জৈবিক বিকারের চেয়ে ক্ষমতার বিকারে পরিণত হয়েছে। আপনারা লক্ষ্য করবেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রায় প্রতিটি ধর্ষণের ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, যুব সংগঠনের নেতাকর্মীরা জড়িত। সে সময় ‘ধর্ষণ সব জায়গায় হয়’ স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্য প্রমাণ করে তিনি পুরোপুরি ব্যর্থ। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে আর দেখতে চাই না।
ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি জহর লাল রায় বলেন, কোনো ধর্ষণের ঘটনা ভাইরাল হলেই সেটি নিয়ে আলোচনা হয়, লোক দেখানো গ্রেফতার হয়। কিন্তু বিচার চলে বছরের পর বছর। এর ফাঁকে ক্ষমতার দাপট দেখিয়ে ধর্ষকরা জেল থেকে বেরিয়ে যায়। আমরা এ দৃশ্য আর দেখতে চাই না।