শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ধর্ষণের বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন ঢাবি শিক্ষার্থীরা

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 09 মার্চ 2025, 09:46 সকাল • 156 বার পঠিত
ধর্ষণের বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন ঢাবি শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভ শেষে তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা শনিবার দিবাগত রাত দুইটার দিকে এই ঘোষণা দেন। তিনি বলেন, "আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

'ধর্ষণবিরোধী মঞ্চ' ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে ধর্ষণবিরোধী মঞ্চ নামে একটি ফেসবুক গ্রুপ খুলেছেন। আনিকা তাহসিনা নামে এক শিক্ষার্থী সেখানে লেখেন, "ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বরকে আরো শক্তিশালী করতে রাজু ভাস্কর্যকে আমরা 'ধর্ষণবিরোধী মঞ্চ' হিসেবে ঘোষণা করেছি। আমরা আর চুপ থাকব না।"

বিক্ষোভ ও মশাল মিছিল

শনিবার দিবাগত রাত ১২টার দিকে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন। পরে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। মিছিলটি হল পাড়া থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশে পরিণত হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা স্লোগান দেন:  
 "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই"
 "আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই"
 "ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও"

এছাড়াও, রোকেয়া হলের শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যায় মশাল মিছিলের আয়োজন করেন। মিছিলটি রোকেয়া হল থেকে শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবার হলে ফিরে আসে। শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর এবং বিগত বছরগুলোর ধর্ষণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা বিচারহীনতার সংস্কৃতি আর মেনে নেবেন না। নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।