ধানমন্ডি লেক থেকে মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ঢাকা রাজধানীর ধানমন্ডি লেকপাড় থেকে মো. শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধানমন্ডি থানা-পুলিশ গত শনিবার রাত আড়াইটার দিকে এ মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাহাদাত চাঁদপুরের হাজীগঞ্জের আব্দুল বারী মজুমদারের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর কলাবাগান এলাকায় বাস করতেন।
পরিবারের বরাতে পুলিশ বলছে, রাতে লেকে হাঁটতে বের হয়েছিলেন আব্দুল বারী মজুমদার। সে সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করা হতে পারে।
ধানমন্ডি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান,
ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।