শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে নামছে ৮ টিম

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মে 2022, 02:08 দুপুর • 521 বার পঠিত
ধান-চালের অবৈধ মজুতের বিরুদ্ধে নামছে ৮ টিম

খাদ্য মন্ত্রণালয়ের ৮টি টিম ধান ও চালের অবৈধ মজুতের বিরুদ্ধে মাঠ নামছে। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন। মন্ত্রিসভার নির্দেশেনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার জরিপ করে সংশ্লিষ্টদের দ্রুত অ্যাকশনে যেতে বলেছেন। চলমান বোরো মৌসুমে চালের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে তিনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। অবৈধভাবে কেউ চাল মজুত করে থাকলে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। 

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে একটি বৈঠক হয়। সেখানে তিনি এ নির্দেশ দেন। 

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, বৈঠকে চাল ও তেল নিয়ে আলোচনা হয়েছে। বাজার জরিপ করে দ্রুত অ্যাকশনে যেতে বলা হয়েছে। তেলের মতো চাল ইস্যুতেও অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। মজুত করলে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

তেল-চাল নিয়ে গোয়েন্দা প্রতিবেদন ছিল। তা নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘‘আমাদের মার্কেট সার্ভে করে ইমিডিয়েটলি একটা অ্যাকশনে যেতে বলা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, খাদ্য সচিব, বাণিজ্য সচিব ও কৃষি সচিবকে দ্রুত বসে মার্কেট সার্ভে করে, এ বিষয়গুলো দেখতে বলা হয়েছে। ভরা মৌসুমে কেন চালের দাম এত বেশি থাকবে?’’