ঢাকায় যে দুই এলাকায় করোনায় ঝুঁকিপূর্ণ
ঢাকার ১৭টি থানার মোদ্দে করোনাভাইরাস শনাক্তের হার ৩০ শতাংশের উপরে। এরমধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও শনাক্ত বিবেচনায় রাজধানীর দুটি এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানীর যে দুটি থানা এলাকায় করোনাভাইরাস শনাক্তের হার সবচেয়ে বেশি তা হলো- রূপনগর ও আদাবর।
রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ৫১ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। তা বিশ্লেষণ করেছে আইইডিসিআর।
দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় করা ১৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষার মধ্যে ৫ হাজার ১০৩ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৩৬ শতাংশ।
আর উত্তর সিটি করপোরেশন এলাকার ৩৬ হাজার ৭৭১টি নমুনা পরীক্ষা করে ১০ হাজার ৮৪৩ জনের সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের হার ২৯ শতাংশ।
তথ্য মতে, উত্তর সিটি করপোরেশনের রূপনগর থানা এলাকায় শনাক্তের হার ৪৬ শতাংশ এবং আদাবর থানা এলাকায় শনাক্তের হার ৪৪ শতাংশ, যা রাজধানীর মধ্যে সর্ব্বোচ্চ।
সাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশের করোনা রোগী শনাক্তের হারের সঙ্গে তুলনা করলে ঢাকায় শনাক্তের হার অনেক বেশি।
রাজধানী ঢাকার ১৭টি থানায় শনাক্তের হার ৩০ শতাংশের উপরে, ২৩টি থানা এলাকায় ২০ শতাংশের উপরে এবং ৭টি থানা এলাকায় সংক্রমণের হার ১১ শতাংশের বেশি।
রূপনগর ও আদাবর ছাড়াও যেসব থানা এলাকায় সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি সেগুলো হল- মুগদা, গেণ্ডারিয়া, ধানমণ্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, চকবাজার, শাহ আলী, রামপুরা, তুরাগ, মিরপুর, কলাবাগান, তেজগাঁও, মোহাম্মদপুর, সবুজবাগ, মতিঝিল, দারুসসালাম ও খিলগাঁও।
এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ৫৩ জন পুরুষ, ২৪ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। আর মোট মারা যাওয়া ৯ হাজার ৬৬১ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ২২৬ জন, নারী ২ হাজার ৪৩৫ জন।