শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

মোহাম্মদ খাইরুল আমিন • 28 এপ্রিল 2022, 03:12 দুপুর • 243 বার পঠিত
ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। আজ  বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে তিনি ঢাকায় অবতরণ করেন। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসেছেন তিনি।

রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে জয়শঙ্করকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তার বাংলাদেশী প্রতিপক্ষ শেখ হাসিনার কাছে নয়াদিল্লি সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করতে সরকারি এই সফরে বাংলাদেশে এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। 

জয়শঙ্কর আজ বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। 

পরে পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে জয়শঙ্করের সম্মানে ইফতার এবং নৈশভোজের আয়োজন করবেন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণায় এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই  সফরকে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের পরিপ্রেক্ষিতে উভয় দেশের মধ্যে ঘন ঘন দ্বিপক্ষীয় উচ্চ-পর্যায়ের সফর বিনিময় হিসেবে দেখা হচ্ছে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, জয়শঙ্কর কিছু ভালো খবর নিয়ে আসতে পারেন... ‘তিনি আমাদের সারপ্রাইজ দেবেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরকালে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম বৈঠকের তারিখ ঠিক করা হবে। মোমেন বলেন, ‘আমরা আমাদের সকল প্রধান দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করব।’

‘ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার নয়াদিল্লিতে গণমাধ্যমকে জানিয়েছেন, জয়শঙ্কর এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনমিক সামিটে যোগ দিতে সর্বশেষ ২০১৯ সালের ৩ থেকে ৬ অক্টোবর নয়াদিল্লি সফর করেন।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গত বছর ২৬-২৭ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করেন।