ঢাকায় শিশুদের করোনার টিকাদান শুরু ১১ আগস্ট
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে এই মাসেই। প্রথমে পরীক্ষামূলকভাবে এই টিকা আগামী ১১ অগাস্ট ঢাকায় দেওয়া হবে। এর পর ২৫ আগস্ট সারাদেশে শিশুদের টিকা দেওয়া শুরু হবে।
আজ রোববার রাজধানীর নিপসম মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান। শিশুদের বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘‘১১ তারিখ থেকে আমরা ট্রায়াল শুরু করব। ফল ভালো হলে পুরোদমে শুরু করব। প্রথমে ঢাকায় দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায় শিশুদের জন্য টিকাদান কার্যক্রম শুরু করব।’’
আজ রোববার শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের আরও ১৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। স্বাস্থ্যমন্ত্রী এ কথ জানান। এর আগে গত ৩০ জুলাই ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা দেশে আসে। ওটা ছিল শিশুদের টিকার প্রথম চালান। সব মিলে শিশুদের জন্য ত্রিশ লাখ ডোজের বেশি টিকা এলো দেশে।
স্বাস্থ্য অধিদপ্তর দেশজুড়ে ২ কোটি ২০ লাখ শিশুকে করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে।