ঢাকায় পশুর হাট ও পোশাকশিল্প এলাকার ব্যাংক শুক্র-শনিবারও খোলা
শুক্রবার ও শনিবার ঢাকার পশুর হাট এলাকাসংলগ্ন ব্যাংকের শাখা খোলা রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব শাখায় লেনদেন রাত ৮টা পর্যন্ত চালু রাখতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাটসংলগ্ন ব্যাংকের শাখাগুলোতে আজ বৃহস্পতিবার সান্ধ্যকালীন ব্যাংকিং লেনদেন চলবে। তাই রাত ৮টা পর্যন্ত ব্যাংকের সেবা চালু থাকবে। এসব এলাকায় শুক্রবার ও শনিবার ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা থাকবে।
এছাড়া তারা আরো জানিয়েছে যে, তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারীদের বেতন-বোনাস ও ভাতা পরিশোধের জন্য শুক্র ও শনিবার শিল্পসংশ্লিষ্ট এলাকার ব্যাংক খোলা রাখতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৮ ও ৯ জুলাই পূর্ণ দিবস খোলা রাখতে হবে। ওই দুই দিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। তবে, ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরের কোনো শাখার চেক দেওয়া যাবে না।