শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকায় দুই মৃত্যু কোটাবিরোধীদের হামলায়: সুরতহালে পুলিশ

মোহাম্মদ খাইরুল আমিন • 17 জুলাই 2024, 07:34 বিকাল • 631 বার পঠিত
ঢাকায় দুই মৃত্যু কোটাবিরোধীদের হামলায়: সুরতহালে পুলিশ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে ঢাকা কলেজ ও সিটি কলেজের সামনে নিহত সবুজ আলী ও মো. শাহজাহানের মৃত্যুর জন্য আন্দোলনকারীদের দায়ী করছে পুলিশ।

দুজনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে পুলিশ বলছে, কোটা আন্দোলনকারীদের মারধর ও আঘাতে ওই দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে সবুজ আলী (২৪) ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের ছাত্র; তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন।

আর মো. শাহজাহান নিউ মার্কেটে হকারি এবং দিনমজুরিও করতেন। তাকে ছাত্রলীগ কর্মী ভেবে আন্দোলনকারীরা মারধর করেছে বলে সুরতহাল প্রতিবেদনে মন্তব্য করেছে পুলিশ।

অবশ্য শাহজাহানের ডান চোখের নিচে একটি ছিদ্রের মত জখমের কথা বলা হয়েছে সুরতহালে। নিহতের ভাই শাওন মনে করছেন, সেটি গুলির চিহ্ন হতে পারে।

অস্বাভাবিকভাবে কারও মৃত্যুর পর মৃতদেহের দৃশ্যমান অবস্থা বর্ণনা করে পুলিশ যে প্রতিবেদন তৈরি করে, সেটাকেই সুরতহাল প্রতিবেদন বলা হয়।