ঢাকা কলেজের হয়ে বুধবার মাঠে নামছে ৭ কলেজ
ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের জের হিসেবে দুপুরে কলেজের ছাত্রাবাস বন্ধের ঘোষণা দিয়ে বিকেলে মধ্যে আবাসিক হল খালি করে দিতে বলা হয়। কিন্তু শিক্ষার্থীরা বলেছেন, যে কোনো মূল্যে হল-ক্যাম্পাসে তারা অবস্থান করবেন। প্রয়োজনে রাজপথে থেকে কঠোর আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচির ডাক দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আগামীকাল বুধবার নীলক্ষেত মোড়ে মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
এর আগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ইডেন কলেজের ছাত্রীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ নিয়ে বিক্ষোভ করেছেন।
সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন, ঢাকা কলেজের আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানাচ্ছেন তারা। হামলার শিকার আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে রাষ্ট্রকে। তাদের ক্ষতিপূরণও দিতে হবে। এর পাশাপাশি তারা ঢাকা কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট এলাকার সহকারী উপকমিশনার (এডিসি) হারুনকে প্রত্যাহারের দাবিও করেন
তারা।
প্রসঙ্গত, সোমবার রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের ঝামেলা হয়। রাতে প্রায় আড়াই ঘণ্টা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিন্তু সকাল থেকে দিনভর থেমে থেমে সংঘর্ষ চলে। এরপর দুপুরে নিউ মার্কেটের সংঘর্ষ বন্ধ করতে ঢাকা কলেজের হলগুলো বন্ধের ঘোষণা দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। ছাত্রদের হল খালি করার নির্দেশ দিয়েছিল। কিন্তু মারমুখী শিক্ষার্থীরা তা মানেননি। তারা উল্টো এই সিদ্ধান্তের কারণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রেখেছিলেন।