শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 02 সেপ্টেম্বর 2023, 05:00 বিকাল • 330 বার পঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতোমধ্যে সেতু বিভাগ এ সড়কের টোল নির্ধারণের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে এ টোল প্রযোজ্য হবে শুধুমাত্র প্রথম ফেজের জন্য। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ টোল ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই উড়ালসড়ক থেকে ৪ ক্যাটাগরিতে টোল আদায় হবে। এর মধ্যে কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (তিন টনের কম) ক্ষেত্রে ৮০ টাকা টোল ফি নির্ধারণ করা হয়েছে এবং সবধরনের বাসের (১৬ সিট বা এর বেশি) ক্ষেত্রে টোল ফি নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা। মাঝারি ধরনের ট্রাকের (ছয় চাকা পর্যন্ত) ক্ষেত্রে ৩২০ টাকা এবং বড় ট্রাকের (ছয় চাকার বেশি) ক্ষেত্রে ৪০০ টাকা টোল ফি নির্ধারণ করা হয়েছে। এ টাকার মধ্যে ভ্যাটও অন্তর্ভুক্ত করা আছে।

আগামী শনিবার থেকেই কার্যকর হবে এই টোলহার। নির্ধারিত অংশের যেকোনো স্থানেই যানবাহন চলাচলের ক্ষেত্রে এ টোলহার প্রযোজ্য হবে।