শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ঢাকা ছাড়ল এবারের প্রথম হজ ফ্লাইট

মোহাম্মদ খাইরুল আমিন • 05 জুন 2022, 12:11 দুপুর • 1,073 বার পঠিত
ঢাকা ছাড়ল এবারের প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে উড়ে গেল। ৪১০ জন হজযাত্রী নিয়ে আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে উড়ে যায়।   

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটির জেদ্দার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

গত ৩১ মে প্রথম হজ ফ্লাইট যাত্রা শুরু করার কথা ছিল। কিন্তু সৌদি আরবের কারণে সেটা ৫ জুন করা হয়। মূলত ঢাকার বিমানবন্দরে সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করার ব্যবস্থার জন্য দিন-তারিখ পরিবর্তন করতে হয় বাংলাদেশকে।

গত দুই বছর করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশ থেকেও কারো পবিত্র হজে যাওয়া হয়নি। এবার সৌদি আরব ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে। বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। 

বাংলাদেশ বিমান জানায়, তাদের বিমানে করেই এবার বাংলাদেশের ৫০ শতাংশ মানুষ হজে যাবেন। ২৮ হাজার ৭৯৩ জন হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

‘রোড টু মক্কা’ উদ্যোগে বিমান বাংলাদেশ হজযাত্রীদের ডেডিকেটেড বিমান সার্ভিস দিচ্ছে। এবার বিমান হজের জন্য ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে।

এবার হজে যাওয়া-আসা বাবদ বিমান খরচ ধরা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।