ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আধিপত্যের’ প্রতিবাদে রাজশাহীতে রেলপথ অবরোধ
ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আধিপত্যের’ প্রতিবাদ এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীরা দেড় ঘণ্টা রেলপথ অবরোধ করেন। বুধবার (৫ মার্চ) সকাল ১১টা ২৫ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনবাজারসংলগ্ন ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করা হলে দেশের অন্যান্য এলাকার সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বেলা ১টার দিকে তিন দফা দাবি উত্থাপন করে আন্দোলন শেষ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সিন্ডিকেট কর্তৃত্ব করছে এবং অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অস্বীকার করা হচ্ছে। সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, রাষ্ট্র পুনর্গঠনে সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সুযোগ দেওয়া উচিত।
সালাহউদ্দিন আম্মার বলেন, ‘জুলাই বিপ্লবে দেশের প্রত্যেকটা প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল-কলেজে ফ্যাসিবাদ প্রতিরোধের একটা দুর্গ গড়ে উঠেছিল। কিন্তু বিপ্লব–পরবর্তী সময়ে সেই একক আধিপত্যবাদের ব্যাপারটা আবার চলে এসেছে। ইউজিসি-পিএসসিতে সদস্য, সংস্কার কমিশন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, এমনকি উপদেষ্টামণ্ডলী—সবকিছুতে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নিয়োগ দেওয়া হচ্ছে। আন্দোলনে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে রক্ত ঝরেছে, তাহলে সুবিধা কেন একটি প্রতিষ্ঠান পাবে?’
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। একই দাবিতে বৃহস্পতিবার শহীদ শামসুজ্জোহা চত্বরে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনমাস্টার মো. মঈন উদ্দিন জানান, অবরোধের ফলে ঢাকা থেকে আসা ধূমকেতু ও খুলনা থেকে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে যায়।