শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

ঢাবিতে ভর্তির যোগ্যতা শিথিল, পরীক্ষা শুরু ৩ জুন

মোহাম্মদ খাইরুল আমিন • 06 এপ্রিল 2022, 05:56 বিকাল • 693 বার পঠিত
ঢাবিতে ভর্তির যোগ্যতা শিথিল, পরীক্ষা শুরু ৩ জুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার স্নাতক শ্রেনির ভর্তির জন্য আবেদনকারীর যোগ্যতার শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৩ জুন থেকে। 

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদন করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে চতুর্থ বিষয়সহ জিপেএর যোগফল হতে হবে অন্তত ৮। গতবার চাওয়া হয়েছিল ৮ দশমিক ৫। এবার আবেদনকারীকে আবেদন করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অন্তত ৩ দশমিক ৫ জিপিএপ্রাপ্ত হতে হবে। 

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগেও শিথিল হয়েছে শর্ত। এবার আবেদন করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট জিপিএ ৭ দশমিক ৫ হলে চলবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ ৩ পেতে হবে। 

এর আগে মানবিক ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে অন্তত ৮ জিপিএপ্রাপ্ত হতে হতো।
 
একই যোগ্যতায় বিভাগ পরিবর্তনের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা।

এ ছাড়া চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ভর্তি পরীক্ষার যোগ্যতার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ৬ দশমিক ৫ জিপিএ হলেই হচ্ছে। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এসব বিষয় চূড়ান্ত করা হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে।

এ ছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা হবে। অঙ্কন পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

২০ এপ্রিল থেকে ভর্তিরি আবেদন ফি জমা নেওয়া শুরু হবে। শেষ হবে ১০ মে। আবেদন ফি থাকছে এক হাজার টাকা।

আগের মতো এবারও ১২০ নম্বরের পরীক্ষা। ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত। অবশ্য চারুকলার ক্ষেত্রে ৪০ নম্বরের এমসিকিউ (সাধারণ জ্ঞান) ও ৬০ নম্বরের লিখিত (অঙ্কন) পরীক্ষা হবে।

মাধ্যমিক বা সমমান এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ (১০+১০) নম্বর।