ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, ‘খ’ ইউনিটের পরীক্ষা শনিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১১টা থেকে ১২.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘খ’ ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৭৮৮টি। আর আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫জন।
ঢাবি ক্যাম্পাস ছাড়াও দেশের অন্য ৭টি বিভাগীয় শহরে আজকের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হল।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন
আহমেদ, ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, প্রক্টর
অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সংশ্লিষ্টরা বিজনেস স্টাডিজ অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্তৃপক্ষ বিশেষ করে উপাচার্যবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এ বছর ‘গ’ ইউনিটে ৯৩০ টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩০,৭১৯জন।