শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দেশের বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 25 আগস্ট 2021, 09:38 সকাল • 1,333 বার পঠিত
দেশের বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে

অতি বৃষ্টিতে উজানের নদ-নদী অববাহিকা দিয়ে ভারতের ঢলের পানি হু হু করে আসছে। এরসঙ্গে বাঁধ-ব্যারেজগুলো একযোগে খুলে ভারত পানি ছেড়ে দিয়েছে। দেশের অভ্যন্তরেও মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে বিভিন্ন নদ-নদী এলাকায়। এ অবস্থায় দেশের প্রধান নদ-নদীসমূহের পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উত্তর, মধ্য থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত ফুলে-ফুঁসে উঠেছে নদ-নদী, শাখা-প্রশাখা, উপনদীসমূহ। এরফলে নদীভাঙন দিন দিন হচ্ছে তীব্র। উত্তর থেকে দক্ষিণে বন্যার বিস্তার ও অবনতি ঘটছে। গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত পদ্মা, যমুনা, ধলেশ্বরী, আত্রাই ও গড়াই এই পাঁচটি নদ-নদী ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে সকালের দিকে ভাটিতে চাঁদপুরে মেঘনাসহ ৬টি নদ-নদী ৯টি পয়েন্টে বিপদসীমার ঊর্ধ্বে ছিল।

উজানে ভারত থেকে আসা অব্যাহত ঢলের তোড়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল হয়ে দক্ষিণে ভাটি ও মোহনায় ভোলা-চাঁদপুর-নোয়াখালী-লক্ষীপুর পর্যন্ত প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আরও বিভিন্ন নদীর পানি বৃদ্ধির দিকে। বন্যা ও নদীভাঙনে তলিয়ে যাচ্ছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো। ফল-ফসলি জমি, বসতঘর, রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। বন্যার্ত, পানিবন্দী ও নদীভাঙন কবলিত লাখো মানুষের কষ্ট-দুর্ভোগ বাড়ছেই।