দেশে নতুন করে লকডাউনের চিন্তা-ভাবনা নেই: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এরই মধ্যে বাংলাদেশে নতুন ভ্যারিয়েন্টটি প্রতিরোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে বাংলাদেশে ফের লকডাউন দেওয়া হবে কিনা তাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এজন্য নতুন করে দেশে লকডাউনের চিন্তা-ভাবনা নেই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন বেড়ে গেছে। তবে বাংলাদেশে পরিস্থিতি ভালো থাকায় ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই। দেশ ভালো এবং নিরাপদে আছে তাই কোনো বিষয়ে চিন্তার কারণ নেই। বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে।
রোববার সাভারের থানা রোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।