দেশে জ্বালানি তেলের দাম এখনও অনেক দেশের চেয়ে কম: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও তা এখনও অনেক দেশের তুলনায় কম।
জ্বালানি তেলের দাম অনেক বেশি বাড়ানোর ফলে রাজনৈতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর মধ্যে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন হাছান মাহমুদ। সেখানেই তিনি এসব কথা বলেন।
সরকার শুক্রবার রাতে ডিজেল-কেরোসিনের দাম ৪২ শতাংশ, পেট্রোল ও অকটেনের দাম ৫১ শতাংশ বাড়ায়।
তথ্যমন্ত্রী বলেন, ‘‘মূল্যবৃদ্ধির পর এ দেশে জ্বালানি তেলের দাম যে পর্যায়ে গেছে, আশেপাশের দেশগুলোতে এই পরিমাণ মূল্যবৃদ্ধি অনেক আগেই করেছে। মূল্য সমন্বয় করার পর এ দেশের জ্বালানি তেলের দাম আশেপাশের দেশগুলোর পর্যায়ে গেছে মাত্র কিন্তু তেলের দাম অনেক দেশের তুলনায় কম।’’
তিনি আরও বলেন, ‘‘আরব আমিরাত, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকংসহ অনেক দেশের চেয়ে তেলের দাম এ দেশে কম এবং ভারতের সমান। অর্থাৎ মূল্যবৃদ্ধির পরও অনেক দেশের তুলনায় কম।’’
তথ্যমন্ত্রী বলেন, তেল পাচার রোধও দাম বৃদ্ধির কারণ।
তিনি বলেন, ‘‘ভারতে ডিজেলের মূল্য বাংলাদেশি টাকায় ১১৪ টাকা এবং অকটেন ১৩৫ টাকা অনেক আগে থেকেই। আমাদের দেশে দাম কম হওয়ার কারণে সীমান্ত দিয়ে প্রচুর জ্বালানি তেল পাচার হয়ে যাচ্ছিল।’’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে একটি আলোচনা সভা আয়োজন করে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ‘স্পর্ধিত তারুণ্যের প্রতিচ্ছবি শেখ কামাল’ শীর্ষক ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।