দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৫১০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৮৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন।
গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৭৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ৫৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৩১ হাজার ২৯১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৯ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ১২ জন। এ সময় ঢাকা বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৭, সিলেট ও ময়মনসিংহে ৪ জন করে এবং বরিশাল ও রংপুরে একজন করে মৃত্যু হয়েছে। এ দিন রাজশাহী ও খুলনায় কেউ মারা যায়নি।