দেশে একদিনে করোনায় মৃত্যু ৩৩, শনাক্ত ১১৫৯৬ জন
দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৪৯৪ জন।এ সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৬৮টি ল্যাবরেটরিতে ৪৪ হাজার ৮৫৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৪৪ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট ১ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।
এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৫ হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন।
বিভাগওয়ারি হিসাবে ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, খুলনা বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগের চারজন, চট্টগ্রামে দুজন, সিলেটে দুজন এবং রংপুরে একজন। তবে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে এ সময়ে কেউ মারা যাননি।
বয়স অনুযায়ী মৃতদের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব চারজন, ষাটোর্ধ্ব ১০ জন, সত্তরোর্ধ্ব আটজন, আশি বছরের বেশি বয়সী সাতজন।এর মধ্যে পুরুষ ২২ জন ও নারী ১১ জন।