দেশে একদিনে করোনায় মৃত্যু ১৩, শনাক্ত ২১৫০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৪৪ জনের।একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৪৬২টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।
এতে আরো বলা হয়, যে ১৩ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রামে ৪, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুরে রয়েছেন ১ জন করে।
এর আগে, শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছিল এবং সংক্রমিত হয়েছিল ২ হাজার ৫৮৪ জন। শনাক্তের হার ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।