দেশে একদিনে করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৪৭ জন
মোহাম্মদ খাইরুল আমিন
•
15 জানুয়ারী 2022, 06:10 বিকাল
•
245 বার পঠিত
একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩৬ জনের।গত ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ৪৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ৬ জন। তখন দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮ হাজার ১২৯ জনে। একই সময়ে ২৯ হাজার ৮৭১ নমুনা পরীক্ষায় ৪ হাজার ৩৭৮ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়। ঐ সময়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ায় ১৬ লাখ ৯ হাজার ৪২ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।