ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছুঁই ছুঁই, আরও ২১৬৮ রোগী হাসপাতালে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ২১৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই একদিনে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও আটজন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। এ নিয়ে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৯৩ জন মারা গেলেন। অন্য যে কোনো বছরের চেয়ে এই বছরই সবচেয়ে বেশি রোগী ডেঙ্গুতে মারা গেছেন।
মঙ্গলবার পর্যন্ত নতুন রোগীদের নিয়ে এই বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৪ হাজার ৩৫৯ জন হলো।
আগের দিন মানে সোমবার এই ২০২৩ সালে ডেঙ্গু রোগীর পুরনো সব রেকর্ড মুছে দিয়েছে। সোমবার পর্যন্ত সারা বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা লাখ ছাড়িয়ে ভেঙে দিয়েছে ২০১৯ সালের রেকর্ড।
২০১৯ সালে সারাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ১ হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এতদিন ওটাই ছিল রেকর্ড।
সোমবার পর্যন্ত চলমান ২০২৩ সালে ডেঙ্গুতে হাসাপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় ১ লাখ ২ হাজার ১৯১ জনে। হয় নতুন রেকর্ড।
এর মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালের রোগী ভর্তি হওয়ার পরিমাণ ঢাকাকে ছাড়িয়েছে। এ বছর এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে হয়েছেন ৫০ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী। ঢাকার বাইরে এ সংখ্যা ৫৪ হাজার ১৮৯ জন।