ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, আগস্ট হয়ে উঠেছে ভয়ঙ্কর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩ জন। এতে করে চলমান ২০২৩ সালে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশে মারা গেলেন ৫০৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বাধিক মৃত্যুর রেকর্ড এই বছর আগেই হয়েছে। এবার এই বছরে মৃত্যুর সংখ্যাটা ৫০০ ছাড়াল।
এর আগে সোমবার ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। এর সাথে ভেঙে যায় এক বছরে সর্বাধিক ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তির রেকর্ড। এই ক্ষেত্রে ২০১৯ সালের রেকর্ড ভেঙেছে ২০২৩ সাল।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এই ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন।
নতুনদের নিয়ে এই বছর মোট ১ লাখ ৬ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি আগস্ট মাসও এ পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই মাসে সারাদেশের হাসপাতালে মোট ৫৪ হাজার ৫৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মারা গেছেন ২৫৫ জন। মাসের চলছে ২৩ তারিখ।
এর আগে ২০১৯ সালের আগস্টে সর্বাধিক ৫২ হাজার ৬৩৬ জন রোগী ভর্তি হয়েছিলেন। আর ২০২২ সালের নভেম্বরে ১১৩ জন রোগটিতে প্রাণ হারিয়েছিলেন।
চলতি আগস্ট মাস সব রেকর্ড ভেঙে দিয়েছে।
শেষ একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার ৮৫৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১২১৩ জন রোগী ভর্তি হয়েছেন। মৃত ১৩ জনের ঢাকার ৮ জন, ঢাকার বাইরের ৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ৮২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৮০ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৪ হাজার ২৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৮ হাজার ৯৮ জন। এর মধ্যে ঢাকায় ৪৭ হাজার ৭৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৫১ হাজার ২৫ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৬১ জন। এর মধ্যে ঢাকায় ৮৩৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১,২২২ জন।