শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 02 সেপ্টেম্বর 2023, 07:26 বিকাল • 523 বার পঠিত
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। ডেঙ্গুতে দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড এটি। মৃত ২১ জনকে নিয়ে ২০২৩ সালে মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে মারা গেলেন মোট ৬১৮ জন।

এই বছর ডেঙ্গু ভয়ঙ্কর রূপ নিচ্ছে ক্রমাগত। দিনের পর দিন রোগী বাড়ছে। মৃত্যু হচ্ছে নিয়মিত। 

বেশ আগেই মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর দিক দিয়ে চলতি বছর আগের সব রেকর্ড মুছে দিয়েছে। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২১ জন মারা গেছেন। 

এর আগে স্বাস্থ্য অধিদপ্তর ১৯ জুলাই ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছিল। এতদিন ওটা ছিল একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, শেষ একদিনে ডেঙ্গুতে সারাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ২৩৫২ জন রোগী। এদের ৯৮২ জন ভর্তি ঢাকার বিভিন্ন হাসপাতালে, ঢাকার বাইরের হাসপাতালে ১ হাজার ৩৭০ জন।  

২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন। এদের মধ্যে ৫৯ হাজার ৫৯২ ঢাকার বিভিন্ন হাসপাতালে, ঢাকার বাইরের হাসপাতালে ৬৮ হাজার ১০২ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৪৪ জন। এর মধ্যে ঢাকায় ৫৫ হাজার ২৩৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৬৩ হাজার ২১১ জন। 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৪৭ জন। এর মধ্যে ঢাকায় ৮৮০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ১৬৭ জন।