ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৮৮
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৯ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ২৮৮ জন।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ হাসপাতালে যারা নতুন ভর্তি হয়েছেন তাদের মধ্যে ৮৯৯ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ১ হাজার ৩৮৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে মোট ৮ হাজার ৬৬১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদের মধ্যে ৩ হাজার ৮০৪ জন ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে এবং ৪ হাজার ৮৫৭ জন অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৯৪ হাজার ৩১২ জন রোগী এবং আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৫ হাজার ২০৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৪৪ জন।