ডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও হাসপাতালে রোগী বেড়েছে
আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭৬ জন রোগী। আগের দিনের চেয়ে ৭৬ জন বেশি এদিন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। সেদিন মৃত্যু হয় ১৩ জনের।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের নিয়ে ২০২৩ সালে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৫০০ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৬ জন।
আগের যে কোনও বছরের চেয়ে এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর সংখ্যা বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৪৪৬ জন রোগী ভর্তি আছেন। এদের ৩৯০৮ জন ঢাকায়, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪৫৩৮ জন।
গত একদিনে যারা মারা গেছেন তাদের ৫ জন ঢাকায় এবং ২ জন অন্য জেলায়।