ডেঙ্গু: একদিনে আরও ১২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮২৩
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছেন। এই একদিনে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২ হাজার ৮২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই সময়ে সারা দেশে মোট ২ হাজার ৫৮৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ঢাকায় ছাড়পত্র পেয়েছেন ৮৭৭ জন, ঢাকার বাইরে ১ হাজার ৭১০ জন ছাড়পত্র পেয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ জনের মধ্যে চারজন ঢাকায় মারা গেছেন, আটজন দেশের বিভিন্ন হাসপাতালে মারা যান।
চলতি ২০২৩ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৬৪৬ জন মারা গেলেন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে মৃত্যু হয়েছে ৪৬৮ জনের। আর ঢাকার বাইরের হাসপাতালে মৃত্যু হয়েছে ১৭৮ জনের।
এই বছরের আজ (৪ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। এদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪৮৯ জন, ঢাকার বাইরে ৭১ হাজার ৬৪৫ জন।
এছাড়া এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৪১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোয় মোট ৯ হাজার ৬৯ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন।