শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৫৭ জন

মোহাম্মদ খাইরুল আমিন • 28 সেপ্টেম্বর 2023, 07:29 বিকাল • 276 বার পঠিত
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৫৭ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫৭ জন নতুন ডেঙ্গু রোগী।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনকে নিয়ে চলতি ২০২৩ সালে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৬৭ জন প্রাণ হারালেন। 

এই বছর দিনে দিনে বাড়তে থাকা এই রোগে মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশ আগেই আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগের দিন সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৭১ জন, ঢাকার বাইরের বাসিন্দা ১ হাজার ৬৮৬ জন।

শেষ ২৪ ঘণ্টায় যে ৯ জন মারা গেছেন তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩ জন, ঢাকার বাইরের ৬ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সব মিলে ৯ হাজার ৭৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ঢাকাতে ভর্তি ৩ হাজার ৪৫৭ জন, ঢাকার বাইরে ৬ হাজার ৩৪০ জন। 

এই বছর এখন পর্যন্ত মোট ১ লাখ ৯৯ হাজার ১৮৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪২৪ জন।