ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৮৯
মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৮৯ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
যে ২০ জন গত একদিনে মারা গেছেন তাদের ১১ জনই ঢাকার বাসিন্দা। বাকি ৯ জন মারা গেছেন দেশের বিভিন্ন হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার ৮৯৯ জন। আর ১ হাজার ৭৯০ জন ঢাকার বাইরের।
গেল ২৪ ঘণ্টার ২০ জনকে নিয়ে চলতি ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ৬৯১ জন।
এখন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৭১১ জন রোগী।
এই বছর এখন পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার ৭১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩০৯ জন।