শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

দায়িত্ব পালনে কমিশনে কোনো বৈষম্য ও অন্যায় হতে দেব না

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 05 আগস্ট 2025, 05:46 বিকাল • 220 বার পঠিত
দায়িত্ব পালনে কমিশনে কোনো বৈষম্য ও অন্যায় হতে দেব না

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেছেন, “২০২৪ সালের তরুণ প্রজন্ম বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা বিলুপ্তির লক্ষ্যে যে আত্মত্যাগ করেছে, তা যেন ব্যর্থ না হয়। আমি পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কমিশনে কোনো ধরনের বৈষম্য বা অন্যায় সহ্য করব না।”

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনার শুরুতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে নির্মিত একটি মিউজিক ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভায় পিএসসি চেয়ারম্যান বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগকে আমাদের স্মরণ রাখতে হবে। সেই আদর্শকে ধারণ করে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

আলোচনা সভায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য, কমিশন সচিবালয়ের সচিব, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।