চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
18 অক্টোবর 2020, 12:27 দুপুর
•
318 বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম অহিদুল হক (২০)।
রোববার ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ভারতীয় সীমানার মধ্যে পড়ে আছে বলে জানা গেছে।
নিহত অহিদুল হক একই এলাকার বাসিন্দা।
জানা যায়, রোববার ভোরে একদল গরু চোরাকারবারি দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের ৮৮-৮৯ মেইন পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে।
এ সময় ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে অহিদুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এর পর তার সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে চলে আসেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিকুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।