চুয়াডাঙ্গায় বাল্ব গোডাউনে ভয়াবহ আগুন
চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডে একটি বাল্ব গোডাউনে ভয়াবহ আগুন লেগেছিলো ।
জানা যায় গত (৮ জুন) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডের তিনতলা একটি ভবনের নিচের ওই গোডাউনে আগুনের ঘটনা ঘটে।
প্রাথমিক ধারণা করা হচ্ছে, ২০ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।
স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগুনের ভয়াবহতা মারাত্মক আকার ধারণ করলে আরও একটি দল এসে কাজ শুরু করে। ৪ ঘণ্টা পর সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিচতলার গোডাউনে আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই ভবনে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন প্রতিবেশীরা। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিতে কাজ শুরু করে।
ওই ভবনের মালিক নাগিব মাহফুজ জানান, বাড়িটির নিচতলা গোডাউন হিসেবে ভাড়া দেওয়া আছে। ওই গোডাউনে এলইডি বাল্ব, বৈদ্যুতিক পাখা ও বৈদ্যুতিক তার রাখা হতো। ইলেকট্রিক পণ্যের কারণে আগুন ভয়াবহ পর্যায়ে পৌঁছায়। তবে আগুন ছড়িয়ে না পড়ায় আশপাশে ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিক ধারণা, ২০ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।