শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, উপড়ে ফেলা হলো দুই চোখ

মোহাম্মদ খাইরুল আমিন • 03 মার্চ 2025, 11:36 দুপুর • 153 বার পঠিত
চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, উপড়ে ফেলা হলো দুই চোখ

ভোলার চরফ্যাশনে চুরির অভিযোগে শাহাজাহান মিন্টিজ (৪০) নামে এক ব্যক্তির হাতের বুড়ো আঙুল কেটে দেওয়ার পাশাপাশি তার হাত-পা ভেঙে দুই চোখ উপড়ে ফেলা হয়েছে।

রবিবার (২ মার্চ) চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে এ ঘটনা ঘটে।

পরে গ্রামপুলিশ সোহরাব হোসেন শাহাজাহান মিন্টিজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মিন্টিজ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ‘ছিডু চোরার’ ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বাবা ছিডু একসময় চুরির অভিযোগে কারাগারে ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিন জানান, “শাহাজাহান মিন্টিজের হাতের বুড়ো আঙুল কেটে ফেলা হয়েছে, তার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে এবং চোখ উপড়ে ফেলা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

এ ঘটনায় মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করেন, স্থানীয় মাওলানা লোকমান হোসেনের ছেলে মো. সাকিব এবং তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত।

তবে অভিযোগ অস্বীকার করে মো. সাকিব সাংবাদিকদের বলেন, “শাহাজাহান মিন্টিজ পেশাদার চোর এবং একটি চোর চক্রের নেতা। স্থানীয়রা তাকে চুরি করতে দেখে ধাওয়া দিয়ে ধরে ফেলে এবং গণধোলাইয়ের পর তার ওপর নির্যাতন চালায় বলে শুনেছি।”

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।