শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামের যানজট সমাধানে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মার্চ 2025, 11:17 রাত • 309 বার পঠিত
চট্টগ্রামের যানজট সমাধানে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ

চট্টগ্রামে যানজট নিরসনের লক্ষ্যে কর্ণফুলী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার (২২ মার্চ) সকালে মেয়র প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনের সময় মেয়র বলেন, “চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা হলো যানজট। বিশেষ করে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় অবৈধ যানবাহন ও অপরিকল্পিত পার্কিংয়ের কারণে প্রতিদিন অসংখ্য মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ সমস্যা সমাধানে আমরা এখানে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “বাস টার্মিনালটি নির্মিত হলে দূরপাল্লার বাস ও নগরীর বিভিন্ন রুটের যানবাহনগুলোর জন্য নির্দিষ্ট স্থান থাকবে। ফলে এলোমেলোভাবে গাড়ি পার্কিংয়ের প্রবণতা কমবে এবং যানজট অনেকাংশে হ্রাস পাবে।”

মেয়র নতুন ব্রিজ সংলগ্ন বশিরুজ্জামান চত্বর এলাকাও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ অংশের যানজট পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ জনগণের চলাচল আরও সহজ হবে। পটিয়া, আনোয়ারা, বাঁশখালী অঞ্চলের মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে।

উল্লেখ্য, কর্ণফুলী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় বাস টার্মিনাল নির্মাণের প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এটি বাস্তবায়িত হলে নগরীর গুরুত্বপূর্ণ একটি পরিবহন সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।