শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামের বলুয়ার দীঘিতে আগুনে নিহত ২

মোহাম্মদ খাইরুল আমিন • 10 ফেব্রুয়ারি 2025, 11:43 দুপুর • 206 বার পঠিত
চট্টগ্রামের বলুয়ার দীঘিতে আগুনে নিহত ২

চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘির পাড়ে টিনশেড বসতঘরে আগুন লেগে দুজন মারা গেছেন, আর আহত হয়েছে তিনজন।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জাফর সওদাগর কলোনির টিনশেড ঘরে ওই আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোকাররম।

আহত ৩ জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়া আহত তিনজন হলেন- ফয়সাল (১৯), সোহান (১৯) ও শাহীন (২২)।

দগ্ধ না হলেও তাদের শ্বাসতন্ত্রের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোকাররম জানান, আগুনে এক কক্ষবিশিষ্ট পাঁচটি ঘর পুরো এবং চারটি ঘরের আংশিক পুড়েছে। তাতে ক্ষতি হয়েছে ১৫ লাখ টাকার ক্ষতি।

শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।