চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক হতাহতের প্রতিবাদে কাল বিক্ষোভ
বাঁশখালীর গণ্ডামারায় এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হতাহতের প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
সভায় বাঁশখালী হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, কর্তৃপক্ষ-নিরাপত্তারক্ষী-পুলিশসহ শ্রমিক হত্যার জন্য দায়ীদের বিচার, শ্রমিক হয়রানি বন্ধ এবং নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানানো হয়। সঠিক তদন্ত এবং দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিক্ষোভ-সমাবেশ, স্বরাষ্ট্র ও শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশসহ ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত পরিসরে ২৪ এপ্রিল রানা প্লাজা ধ্বসের অষ্টম বার্ষিকী 'গার্মেন্টস শ্রমিক শোক দিবস' এবং পহেলা মে 'আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস' পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া স্কপের যুগ্ম সমন্বয়ক নুর কুতুব মান্নানের রোগমুক্তি কামনা করা হয়।