শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে নতুন ২ জন করোনায় আক্রান্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 06 এপ্রিল 2022, 01:57 দুপুর • 250 বার পঠিত
চট্টগ্রামে নতুন ২ জন করোনায় আক্রান্ত

পরপর দুই দিন করোনাশূন্য থাকার পর চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন ২ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ০ দশমিক ৬৫ শতাংশ। এ সময় কোনো করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ বুধবারের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল নগরীর আট ল্যাব, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ও এন্টিজেন টেস্টে ৩০৬ জনের নমুনা পরীক্ষা হয়। নতুন ২ ভাইরাসবাহকই শহরের।

১৫ উপজেলায় কোনো আক্রান্ত মিলেনি। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৩১ জনে। এর মধ্যে শহরের ৯২ হাজার ৯৩ ও গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় শহর ও গ্রামে কেউ মারা যায়নি। ফলে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, জেলার দুই আক্রান্ত শনাক্ত হয় এভারকেয়ার হসপিটাল ল্যাবে। এখানে ১২ জনের নমুনা পরীক্ষার জন্য জমা পড়েছিল। গতকাল সবচেয়ে বেশি ৭৯ জনের নমুনা পরীক্ষা হয় বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে। এছাড়া, বিআইটিআইডি’তে ৬৭, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১৬, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৮, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২১, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৪, এপিক হেলথ কেয়ারে ২৪,
মেট্রোপলিটন হাসপাতালে ১২ এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২১টি নমুনা পরীক্ষা হয়। নমুনা সংগ্রহের কেন্দ্রে ২ জনের এন্টিজেন টেস্ট করা হয়। আট ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে মোট ২৯২ নমুনার একটিতেও ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। 

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, ল্যাব এইড ও  শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের একটি নমুনাও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়নি। 

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয়, এভারকেয়ার হসপিটাল ল্যাবে ১৬ দশমিক ৬৬ শতাংশ এবং বিআইটিআইডি, চমেকহা, শেভরন, ইম্পেরিয়াল হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এন্টিজেন টেস্টে ০ শতাংশ।