চট্টগ্রামে জোড়া খুন মামলার আসামি ফারুকে আটক করেছে র্যাব
বোন গুলনাহারের সঙ্গে ঝগড়া লেগে থাকতো সব সময় । এক সময় ঝগড়া পরিণত হয় হত্যাকাণ্ডে। আর সেই হত্যাকাণ্ড দেখে ফেলায় খুন করা হয় গুলনাহারের নয় বছর বয়সী ছেলেকেও। চট্টগ্রামে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার অন্যতম আসামি ফারুক র্যাবের হাতে আটক হয়ে দিয়েছেন এসব তথ্য।
বৃহস্পতিবার ভোরে নগরীর আকবরশাহ থানার পাকা রাস্তার মাথা এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তাকে আটক করা হয়।
ফারুক নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের কসাইপাড়া এলাকার মো. সিরাজের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ছুরিসহ জোড়া খুন মামলার অন্যতম আসামি ফারুককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে হত্যাকাণ্ডের কৌশল রপ্তের কথা স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরো কেউ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।
এএসপি মামুন আরো বলেন, হত্যাকাণ্ডের পরপরই আত্মগোপন করেন ফারুক। প্রথমে চকবাজার এলাকায় গিয়ে রক্তমাখা জামাটি নালায় ফেলে দেন। এরপর খাগড়াছড়ি গিয়ে কাজ নেন গ্যারেজে। সেখানে কিছুদিন থাকার পর চলে যান ঢাকায়। সম্প্রতি তিনি চট্টগ্রামে ফিরে আসেন।