চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
তর্কাতর্কির জের না অন্য কিছুর কারণে এই খুন এখনো জানা যায়নি তা। পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে। ঘটনাটা চট্টগ্রামের পাহাড়তলী থানার। সেখানে ছুরির আঘাতে মোহাম্মদ ফাহিম নামের ১৫ বছরের এক কিশোর খুন হয়েছেন। আহত হয়েছেন ১৪/১৫ বছর বয়সের ইমন নামের এক ছেলে।
শুক্রবার রাত ১২টার দিকে ঈদগা কাঁচা রাস্তামাখা এলাকার একটি চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ফাহিম নবম শ্রেনির ছাত্র। পড়তেন নগরীর মনসুরাবাদ গণপূর্ত বিদ্যানিকেতনে।
ফাহিমের পরিবার জানে না কেন তাদের ছেলেকে এভাবে হত্যা করা হলো। তারা শুধু চান, যারা দোষী, এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হোক।
পাহাড়তলী থানার সূত্রে জানা গেছে, ফাহিম-ইমনরা আরো বন্ধুদের সঙ্গে মিলে হালিশহরের একটি মেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ফাহিমের সঙ্গে বন্ধুদের তর্কাতর্কি হয়। এই ঘটনায় বন্ধুরা ফাহিম ও ইমনকে ছুরিকাঘাত করে।
ঘটনার পর ফাহিম ও ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত ফাহিমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন আছেন ইমন।
এই ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ। কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।