শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে আরেকটি করোনাশূন্য দিন

মোহাম্মদ খাইরুল আমিন • 10 এপ্রিল 2022, 12:42 দুপুর • 519 বার পঠিত
চট্টগ্রামে আরেকটি করোনাশূন্য দিন

আরো একটি করোনাশূন্য দিন পার করেছে চট্টগ্রাম। এ নিয়ে চলতি মাসের ৯ দিনে ৫ দিন করোনার সংক্রমণবিহীন কাটলো। 

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর সরকারি-বেসরকারি এগারোটি ল্যাবে শনিবার চট্টগ্রামের ২৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন কোনো পজিটিভ শনাক্ত না হওয়ায় জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৬৩৩ জনই রয়েছে। এদের মধ্যে শহরের ৯২ হাজার ৯৫ জন ও গ্রামের ৩৪ হাজার ৫৩৮ জন। শহর ও গ্রামে কোনো করোনা রোগি মারা যায়নি। ফলে জেলায় মোট মৃতের সংখ্যাও ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের
বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।

উল্লেখ্য, গতকালের আগে করোনাশূন্য ছিল ৬ এপ্রিল। চলতি মাসের প্রথম নয়দিনের মধ্যে ১, ৩ ও ৪ এপ্রিলসহ মোট ৫ দিন করোনাবিহীন ছিল। ২০২০ সালের ৮ এপ্রিল করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত বছরের ২১ নভেম্বর প্রথম করোনাবিহীন দিন আসে চট্টগ্রামে। একই বছরের ৩ ডিসেম্বর ও চলতি বছরের ৩০ মার্চ কোনো আক্রান্ত পাওয়া যায়নি জেলার কোথাও। ফলে বিগত দুই বছরে চট্টগ্রাম জেলায় মোট আট দিন করোনার নতুন সংক্রমণবিহীন সময় পার হয়েছে। 

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাব আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে গতকাল সর্বোচ্চ ৫৯ জনের নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৩৯, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২১, বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৭, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২, শেভরনে ৩৯, মেডিকেল সেন্টার হাসপাতালে ২, এপিক হেলথ কেয়ারে ২৯, ল্যাব এইডে ১৬, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১০ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৬ জনের নমুনা জমা পড়ে। এগারো ল্যাবে পরীক্ষিত ২৩০ নমুনার
সবগুলোরই নেগেটিভ রেজাল্ট পাওয়া যায়।  

এদিন ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম বিশ^বিদ্যালয় (চবি), চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো বুথে একটি এন্টিজেন টেস্টও হয়নি। 
 
চট্টগ্রামের কোনো নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষার জন্য যায়নি।