চট্টগ্রাম কারাগারে দুই বন্দির মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
04 এপ্রিল 2022, 12:46 দুপুর
•
1,523 বার পঠিত
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। তার পর মারা গেলেন দুজনই। এক ঘণ্টার ব্যবধানে এই ঘটনা ঘটেছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোরে ঘণ্টাখানেকের ব্যবধানে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তারা মারা যান।
মৃত দুজন হলেন চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের রফিক উদ্দিন (৪৫) ও হাছনদণ্ডীর বাসিন্দা বাবুল মিয়া (৪০)। রফিক মারামারি আর বাবুল মাদক মামলায় কারাগারে ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাবুল রোজা রাখতে সেহরি খেয়েছিলেন। বিছানায় যাওয়ার পর বুকে ব্যথা অনুভব করেন তিনি। রফিকও অসুস্থ বোধ করায় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
মৃত দুজনের ময়নাতদন্ত হবে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।