চট্টগ্রাম বন্দরে, চুরি করে দেয়াল টপকে পালাতে গিয়ে ১ যুবকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় চুরি করে দেয়াল টপকে পালাতে গিয়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শামীমের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছে আরাও চার জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, বন্দর থেকে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে শামীম নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চার জন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন— মো. জসীম, মো. ফারুক, মো. শফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলাম।
বন্দর সচিব ওমর ফারুক বলেন, বন্দরের সংরক্ষিত এলাকায় অবস্থিত কাস্টমস এর নিলাম গোলায় এই পাঁচ জন পুরনো লোহার টুকরো চুরির চেষ্টা করছিলেন। সিসিটিভিতে বিষয়টি দেখতে পেয়ে বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মীরা নিলাম গোলা ঘেরাও করে। এ সময় তারা দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে নিচে পড়ে আহত হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।