শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চট্টগ্রাম বন্দর থেকে ১৮ দিনেই জাহাজ পৌঁছাল ইতালিতে

মোহাম্মদ খাইরুল আমিন • 13 আগস্ট 2022, 09:07 সকাল • 251 বার পঠিত
চট্টগ্রাম বন্দর থেকে ১৮ দিনেই জাহাজ পৌঁছাল ইতালিতে

বাংলাদেশি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কন্টেইনারবাহী জাহাজ ‘কেপ ফ্লোরেস’ ইতালি পৌঁছেছে।

এদিকে দেশটির রোমের বাংলাদেশ দূতাবাস (১২ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, চট্টগ্রাম বন্দর থেকে গত ২৪ জুলাই যাত্রা শুরু করে মাত্র ১৮ দিনেই ৫০৭টি কন্টেইনার বহনকারী ‘কেপ ফ্লোরেস’ জাহাজটি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য নিয়ে ইতালির রাভেন্না বন্দরে গত বুধবার নোঙর করে।

 জাহাজটি বন্দরে পৌঁছালে সেটিকে স্বাগত জানান রাষ্ট্রদূত মো. শামীম আহসান। রাষ্ট্রদূত এটিকে আনন্দ আর গর্বের এক বিশেষ মুহূর্ত আখ্যা দিয়ে ক্যাপ্টেন লিওপোলদো জোভিতো মস্কার কাছ থেকে কন্টেইনারগুলো গ্রহণ করেন। সেখানে রাভেন্না বন্দরের প্রেসিডেন্ট জিয়ানানতোনিও মিনগোযযি ও রিফ লাইন ইতালির প্রেসিডেন্ট জর্জিও ভরিয়া উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ-ইতালি রুটে চট্টগ্রাম ও রাভেন্না বন্দরের মধ্যে এরই মধ্যে কয়েকবার সরাসরি জাহাজ চলাচল করেছে। সরাসরি জাহাজ চলাচলের এ কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ-ইতালি বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এক নব দিগন্ত উন্মোচিত হলো।

এটি দুই দেশের মধ্যে আমদানি-রফতানি, বিশেষ করে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে তৈরি পোশাক রফতানি বহুগুণে প্রসারিত করবে। এ উদ্যোগের ফলে দুই দেশের মধ্যে মালামাল পরিবহনের ব্যয় ৪৫-৫০ শতাংশ কমে যাবে। কারণ জাহাজ চলাচলের সময় আগের ৪৫ দিন থেকে কমে এখন ১৫-১৮ দিনে নেমেছে।